মা—পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। এ দিনে তারকারা জানিয়েছেন মাকে তাদের অনুভূতির কথা।
বিদ্যা সিনহা মিম
পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যে মানুষটাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন পর্যন্ত ভালোবাসা যায়। আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করতে পেরেছি; তার সবকিছুর পেছনে রয়েছে আমার মায়ের অবদান।
সিয়াম আহমেদ
যখন মাকে বেশি কাছে পাওয়ার কথা মানে শৈশবে এবং কৈশোরের একটা বড় সময়, তখন খুব বেশি পাইনি। নানু-খালা-কাজের মেয়ের কাছে সময় কেটেছে বেশি। কারণ মা চাকরি করতেন। তার ওপর আমি একমাত্র সন্তান। অসম্ভব অভিমান ছিল। কেন তারা বেশি সময় দেননি। কেন আমি একা? এসব আমাকে কষ্ট দিত। কিন্তু পরে বুঝেছি নিজে থেকেই আমার জন্যই এ কষ্ট করেছেন। আমার ভবিষ্যতের কথা ভেবে খেটেছেন। নিজের চাওয়া পাওয়া দূরে ঠেলে প্রানান্ত পরিশ্রম করেছেন। যে কারণে আজকের প্রায় ব্যারিস্টার আমি। কিঞ্চিৎ পরিচিত অভিনয় শিল্পী আমি।
কনকচাঁপা
আমার মা আমার কাছে অক্সিজেনের চাইতেও আরও মূল্যবান। মা আমার ডিকশনারি, পঞ্জিকা, ঘড়ি, মার্জিন, বিশ্বকোষ, আরামকেদারা, জ্বরের দিনে মাথার জলপট্টি আবার এই বুড়ো বয়সেও শাসনের তেলে পাকানো জালিবেত। মায়ের নজরদারি এড়িয়ে একটি মসলিন শাড়ি পরার সাহস আজও অর্জন করিনি। এক ওয়াক্ত নামাজ দেরি হয়ে গেলে মায়ের বকার ভয়ে তাড়াতাড়ি পড়ে নেই। দিনদিনই মায়ের জ্ঞান প্রজ্ঞা ধৈর্য নমনীয়তা আমাকে বিস্মিত করে। মা আমার অপার বিস্ময় বটে! পৃথিবীর সকল মাকে আমার সালাম জানাই।
ওমর সানী
পৃথিবীর যেমন দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না ঠিক মা দিবসের তেমন দৈর্ঘ্য প্রস্থ নেই। মে মাস আমার জীবনের অন্যতম একটি মাস। মে দিবসে আমার জন্ম এবং একই মাসের ২৩ তারিখ মা আমাদের ছেড়ে চলে গেছেন। মাসটা আমার কাছে বেদনার। মা মারা যাওয়ার পর এক ধরনের প্রতিজ্ঞা করেছি যে, মে মাসে আমার পরিবারে কারো বিয়ে হবে না। জীবনের চলার প্রতিটি পদক্ষেপে মাকে খুব মিস করি। মা যখন বেঁচে ছিলেন তখন অনেক দেরিতে শুটিং থেকে বাসায় ফেরা হতো। তখন মনে মনে ভাবতাম সবাই রাতের খাবার খেয়ে ফেললেও আমার মা নিশ্চয়ই খাননি। ঠিকই বাসায় ফিরে দেখতাম মা আমার জন্য অপেক্ষা করছেন। এমনও হয়েছে, মায়ের হাতে রাতে টাকা দিয়েছি ঔষুধ কেনার জন্য। কিন্তু সকালে আমি টাকা চাওয়াতে আমাকে সেই টাকা থেকেই দিয়েছেন।
রুমানা ইসলাম মুক্তি
মায়ের জন্য কোটি শব্দ বলে শেষ করা যাবে না। আমিও এখন মা। যে কারণে মায়ের গভীরতা বুঝি। আমার জন্য প্রতিদিনই মা দিবস। মা ছাড়া আমার জীবন অচল। জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিও সহজ হয়। আজকে আমি যা কিছু হয়েছি, সবটাই মায়ের ভালোবাসা ও যত্নের সুবাদে। মায়ের কথা শেষ করার ভাষা আমার নেই। মা কত কী করেছেন আমার জন্য। আমার চোখে আমার মা সেরা মা। জগতের সকল মা সুখী হোক।
আঁখি আলমগীর
আমার সংগীত জীবনের পথচলায় বাবা-মা সবসময়ই পাশে ছিলেন এবং এখনো আছেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, মা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন। কারণ মায়ের কারণেই আজকের এই সুন্দর পৃথিবী দেখা। মা যে কতটা আগলে রেখে আদর ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন তা নিজের সন্তানের প্রতি সেই ভালোবাসার অনুভব থেকে উপলদ্ধি করি প্রতি মুহূর্তে।
ঐন্দ্রিলা আহমেদ
আমার ক্যারিয়ারে মায়ের ভূমিকা বিশাল। কারণ, বাবার কারণে আমার পথচলা সহজ হয়েছে। কিন্তু আমার সবকিছুতে মা ছিলেন। স্কুল থেকে শুরু করে নাচের ক্লাস কিংবা শুটিং সবখানে মা নিয়ে যেতেন। আমার বাচ্চা হওয়ার পর বাচ্চাসহ মা আমাকে দেখভাল করতেন। সারাক্ষণ আমার সঙ্গী থাকতেন মা। তাকে ছাড়া জীবনেও শুটিং করিনি। মায়ের সব গুণাবলি আমার মধ্যে আছে। ফোনে কথা বললে সবসময় মাকে বলি আমি তোমাকে ভালোবাসি। সে শুনে হাসে। আবার উত্তর দেয়। আমি খুব পোলাও পছন্দ করি। বাহিরে গেল আমার জন্য পোলাও রান্না করে রেখে যেতেন। এমনও হয়েছে যে, বাসায় ভাত রান্না হয়েছে। আমি পোলাও খাওয়ার বায়না ধরলে দ্রুত পোলাও রান্না করে দিতেন। আসলে এগুলো শুধু মায়ের দ্বারাই সম্ভব। নাস্তা না করে শুটিংয়ে চলে যেতাম। মা ঠিকই নাস্তা নিয়ে আসতেন আমার জন্য। পরিবারের সদস্যরা বলেন, মায়ের মতো আমিও রান্না করতে পারি। তার সব গুণ পেয়েছি ভাবতে ভালো লাগে।


