ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে হাফসা খান (১১) ও রাইয়ান (১৪) নামে দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় এ দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে হাফসার শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সেরে ওঠায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনও এখানে ১২ শিক্ষার্থী ভর্তি রয়েছে।
গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাইলটসহ ৩৫ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। দেশের ইতিহাসের ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু।


