জাপানের সাইতামা গামো মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
স্থানীয় সময় শুক্রবার নামাজ শেষে তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এনসিপির ফেসবুক পোস্টে বলা হয়েছে, এরপর শনিবার বিকাল ৬টায় টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
জাপান সফররত এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।
এর আগে, গত বৃহস্পতিবার সাংগঠনিক সফরে দুপুর দেড়টার ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয় প্রতিনিধিদলটি।
স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৬টায় দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এসময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের ফুল নিয়ে অভ্যর্থনা জানান।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


