মহেশখালীতে অস্ত্রসহ ফজল কাদের বাহিনীর ৪ সদস্য আটক

মহেশখালীতে অস্ত্রসহ ফজল কাদের বাহিনীর ৪ সদস্য আটক
কোস্ট গার্ডের অভিযানে আটক অপরাধীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার রাতে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের নাছিরডেইল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডাকাত দলের ওই সদস্যরা হলেন- মো. আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা।

সাব্বির আলম সুজন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর কয়েকজন সক্রিয় সদস্য ধলঘাটার নাছিরডেইল এলাকায় অবস্থান করছে। পরে কোস্ট গার্ড মহেশখালী স্টেশনের একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর হয়ে মহেশখালী ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি এবং উপকূলীয় জনপদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad