ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। শুক্রবার সকাল ৯টায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য স্বাধীন সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা, সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ সাংবাদিকতার রূপরেখা নির্ধারণ।

সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছেন সুসান ভাইজ, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি এবং অফিস প্রধান, নিকোলাস উইক্স, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত, এমিলিয়া দিয়াজ-স্ট্রাক, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক।

দুই দিনের এই আয়োজনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, মুক্ত সংবাদমাধ্যমের পরিবেশ, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তা।

সম্মেলনস্থলে তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট-চেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে তিনটি হেল্প ডেস্কও রাখা হয়েছে।


