ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
বৃহস্পতিবার মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, যারা ভোর থেকে শহর পরিচ্ছন্ন রাখা ও মশক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সম্মান জানাতেই এই ইফতার আয়োজন করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আজ থেকে শপথ করব, যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করব।’
তিনি আরও বলেন, যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক।
ইফতার মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।


