টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে বসতবাড়ি, কৃষিজমি ও সড়কপথ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
৮ জুলাই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক সমন্বয় সভায় অংশ নেয় সেনাবাহিনী। সেখানে সম্ভাব্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়।
২০২৪ সালের ভয়াবহ বন্যা থেকে পাওয়া অভিজ্ঞতার প্রেক্ষিতে এ বছর কার্যকর পদক্ষেপ নিশ্চিতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্পে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট। এগুলো জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হবে।
বন্যাকবলিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে আলাদা সমন্বয় সভা করেছে।
জরুরি প্রয়োজনে সহায়তা পেতে ফেনী জেলা প্রশাসনের বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩–এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।


