ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু রাফসান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের হৃদয় মিয়ার ছেলে। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে, গত ২৮ এপ্রিল তাকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। মৃত্যুসনদ অনুযায়ী, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ৪৬ শিশু।
এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪১ শিশু। মৃত্যু হয়েছে ২৩ শিশুর। বর্তমানে ৮২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩০ শিশু। এ সময়ে কোনো শিশুকে অন্য কোনো হাসপাতালে পাঠানো হয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ৩০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।’


