ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

নিহত নজরুল ইসলাম ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক। তিনি উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর রুবেল; তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এনিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়।

সালমান ওমর রুবেল জানান, নির্বাচনী অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা করা হয়। এ সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম মারাত্মক আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলাকারীরা বিএনপি প্রার্থীর সমর্থক দাবি করে তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন। এদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি তাদের পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলায় হত্যাকাণ্ড হয়েছে। তবে ঘটনাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad