অন্তর্বর্তী সরকারের ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
দেশের পরিবর্তনের জন্য সবাইকে অবশ্যই গণভোটে নেওয়ার কথাও বলেন তিনি।
শুক্রবার বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক ই আজম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরে অন্তবর্তী সরকারে মূল কাজ ছিল গণহত্যাকারীদের বিচার নিশ্চিত, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। অন্তর্বতী সরকার অল্প সময়ে সবগুলো কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্রকে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় যাতে আর কেউ নিতে না পারে সেজন্য সকল দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়। আর সে সনদের কিছু মৌলিক বিষয় নিয়েই গণভোটের আয়োজন।
যারা জীবনে প্রথম ভোট দেবেন তাদেরকে অনেক সৌভাগ্যবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রথম ভোট হবে রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য, আপনার নিজের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য। গণভোটের পক্ষে আপনার সুচিন্তিত মতামতের ফলেই দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে।’
তিনি বলেন, ‘আমাদেরকে স্বচ্ছল, সাবলীল ও মানবিকবোধ সম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে সে আকাঙ্খা বাস্তবায়নে আমাদেরকে একসাথে কাজ করতে হবে।’
এসময় তিনি রাষ্ট্রের সার্বিক মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন।


