বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলের সংসদ সদস্যদের কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখতে বলেছেন। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে মন্তব্য না করার বিষয়েও তিনি গুরুত্ব দেন।
এদিন সকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন।
পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি এবং সামনে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।’
সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। সামনে ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার বিষয়েও সবাইকে সতর্ক করেন তিনি।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তিনি বলেন, বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন, তবে তরুণ সদস্যদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। অফিসে যাওয়া–আসার সময় ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দেন তিনি।
প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলেন বলে সভায় উল্লেখ করেন। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন। এ ছাড়া দৈনন্দিন জীবনযাপনে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা-বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে। সংসদীয় দলের বৈঠকে জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে।


