চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা করা খুলশী থানায়ও ৪৮ ঘণ্টার মধ্যে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়।
সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। একই আদেশে আট পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় খুলশী থানার নেতৃত্ব পরিবর্তন। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে থানায় হেনস্তা ও মারধরের অভিযোগে গত ১৩ জুন খুলশী থানার তৎকালীন ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়। এরপর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হলেও মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তাকেও সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হক।
সিএমপির আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে এবং চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কর্ণফুলী থানার বর্তমান ওসি শহীনুর আলম, যিনি এখন ডবলমুরিং থানার দায়িত্ব পালন করবেন। সিটিএসবির পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি-দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে দেওয়া হয়েছে চান্দগাঁও থানার দায়িত্ব। আর চান্দগাঁও থানার বর্তমান ওসি মো. নূর হোসেন মামুনকে বদলি করা হয়েছে চকবাজার থানায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্রিকেটার নাঈম হাসানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর খুলশী থানার প্রশাসনে অস্থিরতা তৈরি হয়। এর জের ধরেই অল্প সময়ের মধ্যে থানাটিতে দুই দফা নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


