মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই ছয়টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে এই ছয়টি রুট ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য-জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট-রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব যাত্রী স্থগিত সময়ের মধ্যে ভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।
যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার বা যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করেছেন, সেখান থেকেই এই সেবা নিতে পারবেন।
এ ছাড়া ফ্লাইটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীরা বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশের ভেতর থেকে) অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ তথ্য জানানো হবে।
সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইনটি।


