ঢাকার মতিঝিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মতিঝিলে সিটি সেন্টারের সামনে থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আমজাদ হোসেন বুখারী ( ২২) ও মাহদী হাসান (২২) নামক ওই দুই সদস্যকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানা পুলিশ জানায়, সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নাম্বার পিলারের গায়ে ‘হিযবুত তাহরীর’ এবং ‘উলাইয়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগানোর সময় সংগঠনটির দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ টি ‘হিযবুত তাহরীর’ ও ‘উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আরও সাত থেকে আটজন পালিয়ে যায়।
মতিঝিল থানা পুলিশ আরও জানায়, ওই দুইজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।


