চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’র শুটিংয়ে তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ভোট দিতে পারলে জাতীয় কোনো নির্বাচনে এটাই হতো ফারিণের প্রথম ভোট।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আক্ষেপ করে ফারিণ বলেন, ‘খুব ইচ্ছা ছিল, কিন্তু দিতে পারছি না। সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। সাধারণ মানুষের কথা বুঝতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।’
৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গও টানেন অভিনেত্রী, ‘একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে যে লাউ সেই কদুই থাকবে।’
ফারিণ বলেন, ‘মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার এ ধারণা ভুল প্রমাণ করবে। যে স্বপ্ন নিয়ে মানুষ দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে—এই বিশ্বাস রাখি।’


