ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) শনিবার দুপুর ১টার দিকে পৌঁছান তিনি।
এরপর ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইসি থেকে বের হন তিনি।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ইটিআইতে পৌঁছান। জাইমা রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ১২টা ৪৫ মিনিটের দিকে ইসি ছাড়েন।
এ সময় নির্বাচন কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ইসি প্রাঙ্গণে পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনী মোতায়েন থাকতে দেখা যায়। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তারেক রহমান ইসিতে প্রবেশ করেন।

এদিকে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকসহ সাধারণ কাউকে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো ইসি ভবনকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।


