দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের শুরু থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ দেখা গেছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বে থাকা বিদেশি পর্যবেক্ষকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোটের ভোটগ্রহণ শুরু হয়।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো সকাল সাড়ে ৭টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত সবকিছু ভালো। পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ এবং প্রক্রিয়াটি আমার কাছে খুবই নিয়মতান্ত্রিক মনে হয়েছে। অন্তত এখানে (ওই কেন্দ্রে) সবকিছু ঠিকঠাক চলছে—এতে আমি সন্তুষ্ট। আশা করি, সারা দেশেও একই চিত্র থাকবে।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রই আকুফো-আডোর প্রথম পরিদর্শিত কেন্দ্র জানিয়ে তিনি বলেন, ‘শান্ত পরিবেশ উৎসাহব্যঞ্জক। বাংলাদেশের জনগণের জন্য এটি তাদের মতামত প্রকাশ ও ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাদের ভোট দেওয়া উচিত।’
গণতান্ত্রিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এটাই গণতন্ত্রের মূল কথা। আমরা আশা করি, আজকের দিনটি বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।’

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাTবস দিনটিকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই বাংলাদেশে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।’
প্রস্তুতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইজাবস জানান, নির্ধারিত সময়েই ভোটকেন্দ্র খুলেছে। তিনি বলেন, ‘আমরা শুধু এখানে নয়, সারা দেশে—শহর, গ্রাম ও প্রত্যন্ত এলাকায়ও—ভোটগ্রহণ পর্যবেক্ষণ চালিয়ে যাব।’
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ২০০-এর বেশি পর্যবেক্ষক দেশজুড়ে মোতায়েন রয়েছেন। তারা দিনভর ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন এবং ভোট শেষে ফল গণনা ও সংকলন প্রক্রিয়াও পর্যবেক্ষণ করবেন।


