ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৬১৮টি। বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন।
ইসি সচিব বলেন, ‘বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটার। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।’
‘পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি,’ যোগ করেন তিনি।
ইসি সচিব আরও জানান, ভোটার সংখ্যা বাড়ার কারণে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বেড়েছে। সে অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হলো। দাবি-আপত্তির তারিখ ধরা হয়েছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।


