ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। এই সুযোগ হারালে আবার অনেক বছর অপেক্ষা করতে হবে।’
মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত প্রথম এমডিসি জাতীয় স্কুল, কলেজ ও আন্তঃমাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আগামীর স্বপ্নপূরণে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে। যোগ্য হয়েই সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের অনেক পথ যেতে হবে। আমরা একটি স্থানে পৌঁছেছি, কিন্তু এখানেই শেষ নয়। সামনের পথ দীর্ঘ। কোনো বাঁধা এলেই থেমে গেলে চলবে না। সব বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।’
পরে ধর্ম উপদেষ্টা চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশের ৫৪টি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ হয় বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কলেজ ও উন্মুক্ত ক্যাটাগরিতে নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন এবং মনিপুর স্কুল ও কলেজ রানারআপ হয়। মাদ্রাসা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং রানারআপ হয় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান মাদানী। উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শামসুল আলম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান ভূইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম এবং মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান নুরুন্নবী মানিক প্রমুখ।


