জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
রোববার রাত সাড়ে ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’; ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘একশান একশান, ডাইরেক্ট একশান’; ‘ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’; ‘ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে? এই খুনি কারা জাতীয়তাবাদী ছাত্রদল তা জানতে চায়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শিগগিরই গ্রেপ্তার করতে হবে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো তার খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা এই সরকারকে আর সময় দেব না। আমরা বলতে চাই, অতি দ্রুত এসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পরে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, সাধারণ জনগণ হোক, কারো লাশ আমরা দেখতে চাইনি। জুলাইয়ের পরে আমরা একটি পরিবর্তিত অবস্থা চেয়েছিলাম। অথচ মেধাবী শিক্ষার্থী সাম্যকে হত্যা করা হয়েছে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে। অবিলম্বে জুবায়েদ হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার করতে হবে।’
‘আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দ্রুত যেন জুবায়েদ এবং সাজিদ আব্দুল্লাহর খুনিদের গ্রেপ্তার করা হয়। তা না হলে আমরা শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবো’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মীরা।


