সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘গুম প্রতিরোধ প্রতিরক্ষা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ শিরোনামের তথাকথিত অধ্যাদেশটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে সরকার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অস্থিরতা ছড়ানোর জন্য এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে বলে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে।
সরকার বলেছে, কোনো অধ্যাদেশ বা আইন প্রণয়ন হলে তা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সরকারি মাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে জনগণকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, গুজব বা অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
প্রয়োজনে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সরকার মনে করে, সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।


