আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকা মিলিয়ে পর্দা উঠবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ বাংলাদেশের খেলার কথা কলকাতার ইডেন গার্ডেন্স ও শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে নিরাপত্তা ইস্যু দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বিসিবিও সিদ্ধান্ত নিয়েছে একই কারণে ভারতে দল না পাঠানোর। শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতের বিকল্প কোনো ভেন্যুতে খেলার প্রস্তাব এলেও তাদের অবস্থান বদলাবে না।
গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আইসিসিতে ইমেইল পাঠিয়েছে বিসিবি। মূলত বিশ্বকাপ ঘিরে ভারতে বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা শংকা ও হুমকি ধামকির প্রমাণ হিসেবে বিভিন্ন সংবাদ, ভিডিওর লিংক যুক্ত করে দিয়েছে। যাতে করে আইসিসি ও বিসিসিআই সেসব খতিয়ে দেখতে পারে। আগামী মঙ্গলবার নাগাদ আইসিসি থেকে জবাব আসতে পারে বলে জানিয়েছেন, বিসিবি সভাপতি বুলবুল। এর আগে ভারতের বাইরে ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানায় বিসিবি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারে আয়োজিত ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বুলবুল। সেখানেই তার দিকে প্রশ্ন যায়, যদি কলকাতা ও মুম্বাই ব্যতীত ভারতের অন্য কোনো ভেন্যু যেখানে নিরাপত্তা ঝুঁকি নেই, সেখানে খেলার প্রস্তাব আইসিসি থেকে তারা পান, সেক্ষেত্রে বিসিবির সিদ্ধান্ত কী হবে?
সোজাসাপ্টা জবাবে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। তো ভেন্যু বলে তো কোন কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপে ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের নির্দেশ মেনে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনো সেখানেই আছি।’
বুলবুল আরো জানিয়েছেন, তাদের অপেক্ষা এখন আইসিসির পাল্টা ইমেইলের। যদি কোনো কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশ না পায়, সেক্ষেত্রে করণীয় কী, এই প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না ঐ চিঠিটা না আসা পর্যন্ত।
ভারতের বিকল্প ভেন্যুর আলোচনা এসেছে মূলত একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে। একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে হায়দরাবাদ কিংবা চেন্নাই হতে পারে বাংলাদেশের পরিবর্তিত ভেন্যু। যদিও বিসিবি সভাপতি জানিয়েছেন, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো তিনি কিছু শোনেননি।


