উত্তর প্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দুর্ঘটনার সময় ভবনের ভেতরে থাকা একটি কোচিং সেন্টারে বহু মানুষ আটকা পড়েন, যার ফলে জীবন বাঁচাতে অনেক শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা এই আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বাণিজ্যিক ওই ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি গেমিং জোন ও পোষা প্রাণীর দোকান ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন শিক্ষার্থী জানালা দিয়ে নিচে লাফ দেন, যার মধ্যে একজন গুরুতর আঘাত পেয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেছে। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আহতদের স্থানীয় ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে।


