ভারতকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের জয়যাত্রা শুরু

ভারতকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের জয়যাত্রা শুরু
সাফ নারী ফুটসালে ভারতকে হারানোর পর উল্লাসে বাংলাদেশ নারী ফুটসাল দল। ছবি: বাফুফে
Advertisement
Advertisement

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী জাতীয় ফুটসাল দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভারতকে ৩-১ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জয় দিয়ে যাত্রা শুরু করেছে লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটেই ব্যবধান গড়ে দেন অভিজ্ঞ সাবিনা খাতুন। কৃষ্ণা রাণী সরকারের অ্যাসিস্টে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এর মধ্য দিয়ে নারী ফুটসালে বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলদাতা হিসেবেও নাম লেখান সাবিনা।

প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য আরও স্পষ্ট হয় ১৩ মিনিটে। বাম দিক থেকে কৃষ্ণা রাণী সরকারের দারুণ ক্রসে ভারতীয় ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। গ্যালারিতে থাকা বাংলাদেশ সমর্থকদের উচ্ছ্বাস তখন চোখে পড়ার মতো।

ডায়মন্ড শেপে আক্রমণ সাজিয়ে দ্রুত ট্রানজিশনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। হাই প্রেসিং, দ্রুত বল রিকোভারি এবং অভিজ্ঞ খেলোয়াড়দের কার্যকর পারফরম্যান্স ছিল দলের মূল শক্তি। স্কোরলাইনের সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে ফাউল ম্যানেজমেন্ট ও টাইমআউট ব্যবহারের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। হেড কোচ সাইদ খোদারাহমির ম্যাচ রিডিং ও সময়োপযোগী সিদ্ধান্ত এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দ্বিতীয়ার্ধে ভারত কয়েকটি আক্রমণ গড়ে তুললেও দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির ধারাবাহিক সেভে সেগুলো ব্যর্থ হয়। একের পর এক শটে ভারতকে হতাশায় ডোবান তিনি।

আরও পড়ুন

বিরতির পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ভারত। তারা বেশ কিছু আক্রমণ সাজালেও গোলমুখে ফিনিশিংয়ের অভাবে বারবার ব্যর্থ হয়েছে। অন্যদিকে, রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। ৩১ মিনিটে বাংলাদেশের নিয়ন্ত্রিত খেলার ফল আসে আবারও। মিডফিল্ড ট্রানজিশন থেকে লং রেঞ্জ শটে গোল করে ব্যবধান ৩-০ করেন সুমাইয়া মাতসুশিমা। তার দর্শনীয় গোলটিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল, যা ম্যাচের ফলাফল নিয়ে সব অনিশ্চয়তা দূর করে দেয়।

৩৬ মিনিটে একটি গোল শোধ করে ভারত। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। সেই গোল শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় আটকাতে পারেনি। ইনডোর ফুটবলের দ্রুতগতির ছন্দ আর শারীরিক লড়াইয়ে ভারতীয়দের চেয়ে বাংলাদেশের মেয়েরাই বেশি কৌশলী ছিলেন।

এই জয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি টুর্নামেন্টে দলের সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে।

এর আগে বুধবার ছেলেদের সাফ ফুটসাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad