গতি ও নিখুঁত পাসিংয়ের আক্রমণাত্মক ফুটবলে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ম্যাচের অধিকাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখে এই বড় জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের দল। নেদারল্যান্ডসের পক্ষে স্ট্রাইকার ব্রায়ান ব্রবি এবং কোডি গাকপো দুটি করে গোল করেন। পরে বদলি খেলোয়াড় ক্রিসেনসিও সামারভিল শেষ মুহূর্তে আরেকটি গোল করে ডাচদের বড় জয় নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সামারভিলের জায়গায় ব্রোবিকে শুরুর একাদশে রাখার কোম্যানের সিদ্ধান্ত ম্যাচের শুরুতেই ফল দিতে শুরু করে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ব্রোবি বল বাড়িয়ে দেন গাকপোকে, এরপর নিজে দৌড়ে ডি-বক্সের ভেতরে ফিরতি বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন। এর ঠিক ১১ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ডেনজেল ডামফ্রিসের বাড়ানো একটি বিপজ্জনক লো-ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান ব্রোবি।
ম্যাচের প্রথম আধঘণ্টা ডাচদের ঝোড়ো আক্রমণের সামনে স্রেফ খড়কুটোর মতো উড়ে যায় সুইডেন। ডামফ্রিস ডান প্রান্ত দিয়ে বারবার ফাঁকা জায়গা তৈরি করছিলেন, আর মাঝমাঠ থেকে খেলার গতি নিয়ন্ত্রণ করছিলেন ফ্রেঙ্কি ডি ইয়ং। নেদারল্যান্ডসের দ্রুতগতির পাসিংয়ের সামনে সুইডেন ক্রমশ নিজেদের রক্ষণভাগে গুটিয়ে যেতে বাধ্য হয়।
শুরুতেই ম্যাচ থেকে প্রায় ছিটকে গেলেও হাইড্রেশন ব্রেকের (পানি পানের বিরতি) পর ধীরে ধীরে গুছিয়ে ওঠে সুইডেন। আলেকজান্ডার ইসাক উইং ধরে খেলতে শুরু করে ডাচ ডিফেন্সে কিছুটা চাপ তৈরি করেন। ভিক্টর ডিয়োকেরেস মাঝমাঠে ফাঁকা জায়গা খুঁজে নিচ্ছিলেন এবং আয়্যার সুইডেনের পক্ষে প্রথম সহজ সুযোগটি হাতছাড়া করেন। বিরতির ঠিক আগে গুস্তাফ লাগেরবিয়েলকের একটি হেডার জালে জড়ালে ব্যবধান কমার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই সুইডেনের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়। ডামফ্রিস আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ চালিয়ে বক্সে বল বাড়ান এবং সেখান থেকে স্কোরলাইন ৩-০ করেন কোডি গাকপো। অবশ্য এরপরও পাল্টা আক্রমণ থেকে কিছুটা হুমকি তৈরি করছিল সুইডেন। নিউক্যাসল উইঙ্গার অ্যান্থনি ইলাঙ্গা গতি ও দারুণ টার্নে মিকি ফন ডে ভেনকে পরাস্ত করে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ৪-১ করেন।
তবে ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই হাতছাড়া হতে দেয়নি ডাচরা। ব্রবি এবং গাকপো দুজনেই হ্যাটট্রিকের চেষ্টা চালিয়ে যান। ম্যাচের শেষ দিকে সামারভিল দূরপাল্লার এক জোরালো শটে সুইডেনের জালে শেষ গোলটি করেন। এই দাপুটে জয়ের মধ্য দিয়ে নেদারল্যান্ডস চলতি টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে শক্তির জানান দিল।


