থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ততম সড়কে হঠাৎ তৈরি হয়েছে বিশাল এক সিঙ্কহোল বা গর্ত।
বুধবার সকালে মাটি ধসে এ গর্ত সৃষ্টি হলে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যাংককের দুসিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের সামনে এই সিঙ্কহোল তৈরি হয়। গর্তটির গভীরতা ১৬৪ ফুট এবং এর আয়তন প্রায় ৯০০ বর্গফুট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হওয়ার পর ধীরে ধীরে রাস্তা ধসে নিচে নেমে যায়। সঙ্গে বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে।
ভাজিরা হাসপাতাল জানিয়েছে, এ ঘটনায় রোগীদের ওপর কোনো প্রভাব পড়েনি। তবে আশপাশের ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। হাসপাতালের বহির্বিভাগীয় পরিষেবা দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, ‘ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণস্থলের ময়লা ভেতরে ঢুকছিল। ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।’
গর্তটি আরও প্রশস্ত হয়ে চার লেনের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। চলন্ত গাড়িগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে; এ সময় অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট।
গর্তের একটি প্রান্ত গিয়ে ঠেকেছে একটি পুলিশ স্টেশনের সামনে, ফলে এর ভূগর্ভস্থ কাঠামো উন্মোচিত হয়ে পড়ে। এতে ব্যাংককের ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয় সময় দুপুরের দিকে কর্তৃপক্ষ জানায়, আরও ধসের ঝুঁকি আপাতত নেই। ঘটনাস্থল ঘিরে গভীর পর্যবেক্ষণ চালানো হচ্ছে।


