সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকার একটি পুকুর থেকে বিথীকা সাধু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু দিয়ে মুখমণ্ডল ও মাথা থেঁতলে তাকে হত্যা করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথীকা সাধু (৫০) থানাঘাটা বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা ছিল বিথীকা সাধুর। তবে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পরিবারের সদস্যদের দাবি, এলাকায় মাদকসেবীদের উৎপাত দীর্ঘদিনের। নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। হামলাকারীরা ভারী কোনো বস্তু দিয়ে তার মুখমন্ডল ও মাথা থেঁতলে দিয়েছে বলে অভিযোগ তাদের।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


