কিশোরগঞ্জের অষ্টগ্রামে অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। নিহত মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন জানান, মনির হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে অষ্টগ্রামের দিক থেকে মিঠামইনে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে সেটিকে আটকে চালককে আটক করেন।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক জানান, একই পরিবারের তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ও এর চালককে আটকে রেখেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


