নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। পিঠের চোটে এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে, তার জায়গায় দলে এসেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
এর আগে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। এই ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। সকাল থেকে রোদ ঝলমলে দিনের দেখা মিললেও ঘড়ির কাটা বেলা ১টা ছুঁতেই মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে অবশ্য সিরিজ জিতবে বাংলাদেশ।
কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল রেকর্ড ১৮২ রান তাড়া করে। সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার সেই ম্যাচে তাওহিদ হৃদয়-শামীম হোসেন পাটোয়ারীর ২১ বলে ৪৯* রানের জুটিতে ৬ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুটি বদল। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে ফেরানো হয়েছে জেইডেন লেনক্স ও বেন সিয়ার্সকে। বাদ পড়েছেন, ম্যাট ফিশার ও বেন লিস্টার।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডেন লেনক্স ও বেন বেন সিয়ার্স।


