গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নির্ধারিত ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। তবে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এই নিষেধাজ্ঞা তুলে নিতে নির্দেশনা দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনকে।
সংবাদ সম্মেলনে প্রথমে আমিনুলকে জানানো হয়, সাংবাদিকদের মাঠে প্রবেশাধিকারে বিসিবির নিষেধাজ্ঞার কথা। এরপর সেখানে বসেই বিসিবির প্রধান নির্বাহীকে ফোন করে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশনা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে আমিনুল বলেন, “আমি নিজেই জানি না আপনাদের ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।
এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মিরপুর স্টেডিয়ামের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রবেশসংক্রান্ত বিধিমাল কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিসিবি আরো জানিয়েছে, আগের মতোই স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়েই প্রবেশ করতে হবে সবাইকে। তবে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির কাছ থেকে আমন্ত্রিত হয়ে কোনো ইভেন্ট কিংবা পূর্ব নির্ধারিত কোনো ট্রেনিং সেশন ছাড়া স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না কোনো সংবাদ কর্মী।


