বাংলাদেশ-পাকিস্তানের মিরপুর টেস্টের চতুর্থ দিন লাঞ্চ ব্রেক শেষ হওয়ার সাথেসাথেই নামল তুমুল বৃষ্টি। টানা বর্ষণে খেলা বন্ধ ছিল তিন ঘণ্টা। ভেসে গেছে দিনের খেলার এক সেশনের বেশি। দুপুর ২টা ৪৫ থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৯.৩ ওভার। এর মধ্যেই মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৫২ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৯।
এর আগে ৩৪ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করলেও দুই ওপেনারের বিদায়ে বাড়ে বিপদ। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্তর ১০৫ রানের জুটি আসে আশীর্বাদ হিসেবে। এই জুটির পথেই তৃতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন মুমিনুল। তবে দুই বার জীবন পেয়েও ৫৬ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। আগের ইনিংসে ৯১ রানের ইনিংস খেলা মুমিনুল এই ইনিংসে ছুঁয়েছেন নিজের ২৭তম ফিফটি।
টানা পাঁচ ইনিংসে ফিফটি করা মুমিনুল ফিরলেও দিন শেষে অপরাজিত থেকেই মাঠ ছেড়ছেন অধিনায়ক শান্ত। ষষ্ঠ ফিফটি ছোঁয়া এই বাঁহাতি ব্যাটার পঞ্চম দিনের খেলা শুরু করবেন ৫৮* রানে। তার সঙ্গী প্রথম মুশফিকুর রহিম, অপরাজিত আছেন ১৬ রানে।
মুমিনুলের অবশ্য সুযোগ ছিল ইনিংস আরো বড় করার। ব্যক্তিগত ১৫ ও ৪৫ রানে দুইবার ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন তিনি। তবে তৃতীয়বার শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আর সুযোগ পাননি।
বিনা উইকেটে ৭ রান দিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় জয়ের বিদায়ে। শাহীন শাহ আফ্রিদির বলে ফ্রন্টফুটে খেলতে এসে লাইন মিস করেন এই ওপেনার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি এলবিডব্লিউ থেকে। এ নিয়ে দুই ইনিংসেই শাহীনের বলে আউট হন ৫ রান করা জয়। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও হাসান আলীকে উইকেট দিয়েছেন সাদমান


