বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত হয়েছে। সোমবার বিকালে আইইবি আশুগঞ্জ কেন্দ্রের উদ্যোগে এসব কর্মসূচি সম্পন্ন হয়।
বিকালে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মাঠে এসে শেষ হয়।
সেখানে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টার হল রুমে ‘কারিগরিবিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়।

আইইবি আশুগঞ্জ কেন্দ্রের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সেমিনারে প্রকৌশল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট খান মঞ্জুর মোর্শেদ ও নিয়াজ উদ্দিন ভূঁইয়া।
এ ছাড়া, আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ একরামুল্লাহ, জিয়া সার কারখানা ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশরাফ, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক (কারিগরি) মোহাম্মদ আব্দুল মজিদ, হাসান ফেরদৌস এবং আইইবি আশুগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুল মমিন তালুকদার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিন শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন। দীর্ঘ দিন পর সহকর্মীদের সঙ্গে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল প্রকৌশলীদের এক মিলনমেলায় পরিণত হয়।


