মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের জাতীয় নেতৃবৃন্দ, সংগঠক ও সর্বস্তরের জনগণকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।’
দিবসটি উপলক্ষে বুধবার এক বাণীতে এসব কথা বলেন। তিনি বলেন, তাদের অসামান্য আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার সাহস যোগায়, যোগ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, স্বাধীনতার লক্ষ্য রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ, মানবিক মর্যাদা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র কর্তব্য। দেশকে স্বনির্ভর, গতিশীল ও ন্যায়ভিত্তিক করতে দৃঢ় জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেম প্রয়োজন।
তিনি দেশবাসীকে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।


