হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে গিয়ে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছেন বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ। ব্রাউজারে চালানো এই সংস্করণে অনেকেই চ্যাট ফিড স্ক্রল করতে পারছেন না। ফলে পুরোনো বা নতুন বার্তা দেখতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।
হিন্দুস্তান টাইমস, নিউজ এইটিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই এ সমস্যার কথা জানাচ্ছেন বহু ব্যবহারকারী। তাদের অভিযোগ, হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাট তালিকায় মাউস বা কীবোর্ড ব্যবহার করে স্ক্রল করা যাচ্ছে না। শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রে ওয়েব সংস্করণটি স্বাভাবিকের তুলনায় বেশ ধীর গতিতে কাজ করছে।
ধারণা করা হচ্ছে, সমস্যাটি হোয়াটসঅ্যাপ ওয়েবের একটি ফিচারের সঙ্গে সম্পর্কিত।
বর্তমানে কোটি কোটি মানুষ মোবাইলের পাশাপাশি অফিস বা ব্যাকগ্রাউন্ডে বার্তা নজরে রাখতে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন। মোবাইল অ্যাপের সঙ্গে ‘লিঙ্কড ডিভাইসেস’ ফিচারের মাধ্যমে যুক্ত থাকলেও এটি এখন স্বাধীনভাবেও কাজ করে।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে একাধিক ব্যবহারকারী একই ধরনের সমস্যা জানানোর ফলে ধারণা করা হচ্ছে, এটি হয়তো প্রযুক্তিগত ত্রুটির ফলাফল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একাধিকবার একই ধরনের সমস্যার মুখে পড়েছেন। কয়েকদিন আগেই কয়েক ঘণ্টার জন্য অ্যাপটির সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। নতুন এই স্ক্রলিং ত্রুটি ডেস্কটপ অভিজ্ঞতাকে আরও ভোগান্তিতে ফেলছে।


