আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। তবে নকআউট পর্বের ম্যাচের আগে বড় দুঃসংবাদ হয়ে এসেছে তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেকের চোট। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি।
গত ২০ জুন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ চলাকালে গোড়ালিতে চোট পান শ্লটারবেক। শুরুতে চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বিরতির আগেই বোঝা যায় সমস্যাটি গুরুতর। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।
জার্মান রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন শ্লটারবেক। তাঁর এমন বিদায় দলের জন্য বড় ধাক্কা। জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান বলেছেন, ‘শ্লত্তি মাঠে এবং মাঠের বাইরে–দুই জায়গাতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপটা তার টুর্নামেন্ট হয়ে উঠতে পারত। তাকে আমরা খুব মিস করব।’
শ্লটারবেক ছিটকে গেলেও বিকল্প হিসেবে এখন জার্মানির বড় ভরসা অ্যান্টোনিও রুডিগার। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ খেলেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে শেষ ষোলো এবং পরবর্তী ম্যাচগুলোতে তাঁকে আবারও শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।
২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। তবে এবারের বিশ্বকাপে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে টানা দুই জয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানরা।


