জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ। এই দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে আরও সুদৃঢ় হয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সভাপতি পদে ভারতের সমর্থন তাদের উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।’
সংসদীয় কার্যক্রম নিয়ে স্পিকার বলেন, ‘বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং বিরোধী দল এখানে সক্রিয় ভূমিকা পালন করছে। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার করতে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।’
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানান প্রণয় ভার্মা এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশন ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


