গত নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল মাস ছয়েক আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলেই। প্রস্তুতি সারতে বিসিবি তাদের ম্যাচ আয়োজন করে অনূর্ধ্ব-১৫ দলের সাথে। তবে আসন্ন জুন-জুলাইয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য প্রস্তুতির ঘাটতি থাকছে না নিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে অংশ নেবে নেদারল্যান্ডসও।
বুধবার বিসিবির টুর্নামেন্ট কমিটির সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমেকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারপার্সন রুবাবা দৌলা। অবশ্য এর আগে এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। এপ্রিলের ৪ তারিখ শুরু হচ্ছে প্রথম নারী বিপিএলও, যার পর্দা নামবে আগামী ১৪ এপ্রিল।
রুবাবা দৌলা বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা যেটা করছি, একটা হলো বিপিএল। এরপর একটি হোম সিরিজ আছে। এরপর একটি ত্রিদেশীয় সিরিজের অনুমোদন হয়ে গেছে এর মধ্যেই। স্কটল্যান্ডে যাবে দল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খেলবে। এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি।’
বিপিএলের পর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ডে যাবে মে মাসের শেষে অথবা জুনের শুরুর দিকে। আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।


