চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন মহানগর হিসেবে গড়ে তুলতে অবৈধ বিলবোর্ড ও অননুমোদিত বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরজুড়ে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে এবং পর্যায়ক্রমে চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দুপুরে নগরীর ব্যস্ত এলাকা কাজীর দেউরিতে অবৈধ বিলবোর্ড অপসারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়। ম্যাজিস্ট্রেট টিম, প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্থাপিত বিভিন্ন আকারের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলা হয়।
সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, এসব স্থাপনার কারণে সড়কের দৃশ্যমানতা ব্যাহত হচ্ছিল, ট্রাফিক সিগন্যাল ও সাইনবোর্ড আড়াল হয়ে যাচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। উচ্ছেদ কার্যক্রমের পর মোড়টির দৃশ্যমানতা বৃদ্ধি পেয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
অভিযান পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘শহরকে বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত করতে সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের সৌন্দর্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিলবোর্ড স্থাপন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিটি করপোরেশনের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই বিজ্ঞাপন স্থাপন করতে হবে বলে জানান মেয়র।


