বিমান বাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিমান বাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে থাকা ৯৫ লাখ টাকার দু’টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে  আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০ টি হিসাবে অভিযুক্তের নামে থাকা ৪০ লাখ ৫৬ হাজার ৪৮৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

এদিন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন দুদকের সহকারি পরিচালক মাহমুদুল হাসান। আবেদনে বলা হয়, আসামি শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দকৃত আলামত পর্যালোচনায় দেখা যায় যে, শেখ আব্দুল হান্নান বিভিন্ন সময় অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে কিনেছেন।

তদন্তকালে জানা যায় যে, শেখ আব্দুল হান্নান তার ঘনিষ্ঠ সানজিদা আকতারের নামে ঢাকা মহানগরীর খিলক্ষেতে দু’টি ফ্ল্যাট কিনেছেন।

এছাড়া, বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মামলার বিচার শেষ হওয়ার আগে এসব সম্পদের হস্তান্তর বা স্থানান্তর রোধে এগুলো জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন বলে আবেদন করেন দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর