বগুড়ার গাবতলী উপজেলায় ব্যবসায়ী তোজাম্মেল হককে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া তিন আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- বাবুল হোসেন (২৮), মানিক মিয়া (২৮) ও মিশু (২৭)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- পিন্টু মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৫৮) ও আশিক (২৮)।
রায় ঘোষণার সময় পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলায় জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলায় ২০১৭ সালে বিরোধের জেরে দুর্গাহাটা এলাকার ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আসামি বাবুল হোসেন, মানিক মিয়া ও মিশুকে মৃত্যুদণ্ড দেয়।
আদালতের রায়ে বাদি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে নিহতের পরিবার জানিয়েছে, বেশিরভাগ আসামি বাইরে থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


