বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তায় বডি ক্যামেরা

বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তায় বডি ক্যামেরা
একজন প্রবাসীর দেশে ফেরা। ছবি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট
Advertisement
Advertisement

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সব আন্তর্জাতিক এয়ারলাইনসের ব্যাগেজ নিরাপত্তায় বডি ক্যামেরা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহন প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এই বডি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার আওতায় থাকা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটের ব্যাগেজ এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণের আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে সব এয়ারলাইনসের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে, তাদের ক্ষেত্রে এই বডি ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে।

সেই সঙ্গে ব্যাগেজ নিরাপত্তা আরও জোরদার হবে, অপারেশনাল স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় হবে। কোনো ব্যাগেজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে, সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত যাচাই এবং যথাযথ সমাধান নিশ্চিত করা সম্ভব হবে যা অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদারত্ব এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলেও আশা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad