ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে এক বিবৃতিতে এই দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘আমি অবিলম্বে অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
আহতদের আশু সুস্থতা কামনা করে বিবৃতিতে বিএনপি মহাসচিব এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসররা জোরালোভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে।
এ ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যোগ করেন তিনি।
দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনো তৎপর রয়েছে। সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা। এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে বলেও বিবৃতিতে বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুন যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গতবছরের ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের অংশীদাররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষের শক্তি সর্তক থাকলে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবে না। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৬ বছরের অনাচার অবিচার থেকে জনগণকে বিস্মৃত করা যাবে না।’


