বিএনপির সংসদীয় দলের সভা বুধবার অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালি, শৃঙ্খলা এবং বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ উপলক্ষে সরকারি দলের সব সংসদ সদস্যকে সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম সরকারি দলের সদস্যদের এ বিষয়ে অবহিত করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। রাষ্ট্রপতি ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। একই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।
ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দলের পক্ষ থেকে ছয়জন হুইপ নির্বাচন করা হয়েছে।
নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
এদিকে, ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংসদের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. আবু তাহের এবং চিফ হুইপের দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।


