সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে সড়ক নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ‘সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি । বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালকাটা কর্মসূচিসহ সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।’
ফকির মাহবুব আনাম বলেন, ‘আমি মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোনো রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না, দখলবাজি হবে না।’
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


