গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর–ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে পৌর শহরের চৌমাথা মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার সন্ধ্যার পরপরই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। মুহূর্তেই পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ।
এ কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, একটি প্রেমের বিষয়কে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের রায়হান-শিশিরের মধ্যে দ্বন্দ্ব লাগলে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র, ইট-পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এ বিষয়ে একাধিকবার চেষ্টা করা হলেও ছাত্রদল নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


