জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও সরকার উল্টো দাম বাড়িয়ে যাচ্ছে।’
বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলের আগে সমাবেশে বক্তারা এ দাবি জানান। এনসিপি ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচির আয়োজন করে।
রাজধানীর বাংলামোটরে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হওয়া এ বিক্ষোভ মিছিলে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তরের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুই বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার এক মাসের মাথায় সরকার বিদুৎ ও জ্বালানি তেলের দাম বাড়াল। এই সরকার আসলে পল্টিবাজ। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে আর রাতে আরেক কথা বলে। জনগণ যাবে কোথায়?
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আইএমএফ এবং বিশ্বব্যাংক শুনেছি একটা ঋণ দেওয়ার জন্য সরকারকে চাপ দিয়েছে মূল্যবৃদ্ধির জন্য।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি টাকার সংস্থান করতে পারছেন না, এজন্য আমার গলার ওপর যদি পাড়া দেন, তাহলে আপনার সঙ্গে বাঁধবে লড়াই।’
সভাপতির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, নির্বাচনের পরই প্রতারণার আশ্রয় নিয়েছেন। এই সরকার তারেক রহমানের সরকার, লুটপাটের পাহারাদার।’
তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর বলেছিল বিদ্যুতের দাম দুই বছরের মধ্যে বৃদ্ধি পাবে না। কিন্তু তিন মাসের মধ্যেই ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে জ্বালানির দামও বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার জনগণের কথা চিন্তা না করে ফ্যাসিবাদের সময়ের লুটেরারদের নিয়ে দেশ পরিচালনা করছে, জনগণের পকেট কাটার চেষ্টা করছে।’
জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘সরকার দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে তাদের নেতাকর্মীদের পকেট ভারি করার ব্যবস্থা করছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে সেই জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই প্রতারণার হিসাব জনগণ কড়ায়গণ্ডায় নেবে। জনগণকে বোকা ভাবলে সরকার ভুলের মধ্যে আছে।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘গণঅভ্যুত্থানের শক্তি এনসিপিসহ ১১-দলীয় জোট যদি সরকারের পেছন থেকে সরে দাঁড়ায়, তাহলে এই সরকার ধপাস করে পড়ে যাবে।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মহানগর সেক্রেটারি মুহতাসীম ফুয়াদসহ অন্য নেতারা।


