জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। পিলখানায় ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র, প্রকৃত ঘটনার উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে এই কমিশন গঠন করা হয়।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গঠনের পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ল কমিশনটির মেয়াদ।
নতুন ঘোষণা অনুযায়ী, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত।
সাত সদস্যবিশিষ্ট কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান। শুরুতে কমিশনকে তদন্ত শেষ করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল।
কমিশনকে ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পুনঃপর্যালোচনা করার জন্য নিয়োগ দেওয়া হয়। যে ঘটনায় নিহত হন ৭৪ জন, যাদের মধ্যে ৫৭ জন ছিলেন সেনা কর্মকর্তা।
বিডিআর বিদ্রোহের ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং হত্যাকাণ্ড, ষড়যন্ত্র, প্রমাণ ধ্বংস এবং উসকানির সঙ্গে জড়িত ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়ার হয়েছে এই স্বাধীন কমিশনকে।


