সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এক তরুণ নিহত হওয়ার হত্যা মামলায় আদালত এই আদেশ দেন।
মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় জামিন পাওয়ায় খায়রুল হকের মুক্তিতে আর কোনো বাধা নেই।’
এর আগে ২১ জুন বিচারিক আদালত এই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। পরে তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। বিচারপতি খায়রুল হক এই মামলার অন্যতম আসামি। গত বছরের ২৪ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


