দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত, সারা দেশে নতুন করে ৮৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে। এর মধ্যে ল্যাব টেস্ট ও ক্লিনিক্যালি নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৭৪ জন।
বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে দেশে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে মৃত্যুর সংখ্যা ৯৩। গত ২৪ ঘণ্টায় যে ২ জন সন্দেহজনক হাম রোগী মারা গেছেন, তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত ঢাকা বিভাগে সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৮০ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হামের কারণে ঢাকা বিভাগে সর্বাধিক ৫৭ জন এবং বরিশাল বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৩৩৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত রোগী ছিল ৮০ জন। এই বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৩০৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২৯৫ জন।
এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ৬৪ জন, সিলেটে ৫৫ জন, ময়মনসিংহে ৪৭ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ৯ জন সন্দেহজনক রোগী গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন।


