বিওএ’র জেন্ডার ইকুইটি কমিটির নেতৃত্বে সারওয়াত ও তাপতুন

বিওএ’র জেন্ডার ইকুইটি কমিটির নেতৃত্বে সারওয়াত ও তাপতুন
সারওয়াত সিরাজ ও তাপতুন নাসরীন। ছবি: কোলাজ/টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি ‘জেন্ডার ইকুইটি’ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীনকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করীম নেলী, বিওএ’র অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি এবং অতিরিক্ত ডিআইজি জান্নাত আরা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিওএ মহাপরিচালক এবিএম শেফাউল কবীর স্বাক্ষরিত এক সিদ্ধান্ত অনুযায়ী, মনোনীত ব্যক্তিদের আগামী ২৫ জুনের মধ্যে তাদের লিখিত মতামত বিওএ দপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এর আগে দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অধিকার ও ক্ষমতায়ন জোরদার করার লক্ষ্যে গত ২ জুন একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন

সারওয়াত সিরাজ ওই কমিটিরও একজন অন্যতম সদস্য। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা নিশ্চিত করা, নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের অধিকার রক্ষা এবং সামগ্রিকভাবে ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন জোরদার করতে এই কমিটি নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে।

কমিটির চেয়ারম্যান সারওয়াত সিরাজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অধিকার ও সুযোগ প্রসারে এবং দেশের অলিম্পিক আন্দোলনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এই কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad